Sheikh Hasina
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকায় ফেরানোর পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার। এজন্য ইন্টারপোলের মাধ্যমে দ্রুত ‘রেড কর্নার নোটিস’ জারি করা হবে বলেও জানিয়েছেন আইন উপদেষ্টা।
শেখ হাসিনাকে ঢাকায় ফেরানোর জন্য ইন্টারপোলের সাহায্য নেওয়ার চিন্তা-ভাবনা করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। রবিবার এ কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। যদিও তিনি সরাসরি হাসিনার নাম উল্লেখ করেননি, তবে জুলাই-অগস্ট মাসে বাংলাদেশে ছাত্র আন্দোলনের সময়ের পরিস্থিতি তুলে ধরেছেন। আসিফ বলেন, "জুলাই-অগস্ট মাসে যারা গণহত্যা চালিয়ে পালিয়ে গেছেন, তাঁদের গ্রেফতারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করা হবে। এটি খুব দ্রুত হবে। তাঁরা যেখানেই থাকুন না কেন, আমরা তাঁদের গ্রেফতার করে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ পদক্ষেপ নেব।"
প্রথমে কোটা সংস্কার আন্দোলন এবং পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন—এই দুই আন্দোলনের পরিণতিতেই বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। ৫ অগস্ট, ২০১৮ সালে বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন হাসিনা। সাময়িকভাবে তাকে আশ্রয় দেওয়া হয় ভারতে। অক্টোবর মাসের মাঝামাঝি সময়েও ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছিল, হাসিনা 'নিরাপত্তাজনিত কারণে' ভারতে এসেছেন এবং এখানেই আছেন। এরপর থেকে এখনও পর্যন্ত হাসিনার ভারত ত্যাগ করার কোনও তথ্য পাওয়া যায়নি।
ইন্টারপোলের মাধ্যমে নোটিস জারি করা মানে হলো, ইন্টারপোলের সদস্য রাষ্ট্রগুলিকে সতর্ক করা। ইন্টারপোলের বিভিন্ন রঙের নোটিস রয়েছে, যেমন বেগুনি, কমলা, সবুজ, কালো, নীল, হলুদ এবং লাল। প্রতিটি রঙের নোটিসের নির্দিষ্ট একটি অর্থ রয়েছে। পলাতক কোনও অভিযুক্তকে গ্রেফতার করে তাকে দেশে ফেরানোর জন্য 'রেড কর্নার নোটিস' জারি করা হয়। যখন ইন্টারপোল রেড কর্নার নোটিস জারি করে, তখন সদস্য রাষ্ট্রগুলির তদন্তকারী সংস্থাগুলি তাদের নিজ নিজ দেশে অভিযুক্ত ব্যক্তির খোঁজ নেয়।

0 মন্তব্যসমূহ